মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ১১:৩২ (বুধবার)
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা ৮ জনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত একটি টেস্ট মিশনে উড্ডয়নের পরপরই বিমানটি ঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দুর্ঘটনাটি ছিল ‘নন-সারভাইভেবল’, অর্থাৎ এতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। 

বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। বিমান নির্মাতা বোয়িং নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে তাদের দুইজন কর্মীও ছিলেন। 

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেইসের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন কর্তৃপক্ষ। 

বি-৫২ কেন গুরুত্বপূর্ণ?

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানগুলোর একটি। ১৯৫০-এর দশকে এটি মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হয় এবং এখনো পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। বর্তমানে বিমানটিকে নতুন ইঞ্জিন, আধুনিক রাডার ও উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে অন্তত ২০৫০ সাল পর্যন্ত সক্রিয় রাখার পরিকল্পনা রয়েছে। 

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.