প্রধানমন্ত্রী স্টারমারের বাসভবনে অগ্নিসংযোগে রাশিয়ার সংশ্লিষ্টতার দাবি বিবিসির

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ০৩:৩১ (বুধবার)
প্রধানমন্ত্রী স্টারমারের বাসভবনে অগ্নিসংযোগে রাশিয়ার সংশ্লিষ্টতার দাবি বিবিসির

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সংশ্লিষ্ট বাড়ি ও সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার দাবি করেছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগে দোষী সাব্যস্ত ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচকে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রামের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছিল। তার রহস্যময় হ্যান্ডলার "EL" নামে পরিচিত এক ব্যক্তি, যিনি হামলার পর তাকে দ্রুত লন্ডন ছেড়ে যেতে এবং অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

বিবিসির তদন্তে দাবি করা হয়েছে, এই "EL" আসলে রুশ কূটনীতিক ইভজেনি লিউকশিন, যিনি রাশিয়ার উচ্চপর্যায়ের ক্ষমতাকেন্দ্রের ঘনিষ্ঠ এবং তথ্যযুদ্ধ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, স্টারমারকে লক্ষ্য করে চালানো অগ্নিসংযোগের ঘটনা ছিল যুক্তরাজ্যে রাশিয়ার কথিত বৃহত্তর নাশকতা ও বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। তদন্তে অভিযোগ করা হয়েছে, রাশিয়া-ভিত্তিক অপারেটররা ভুয়া উগ্র-ডানপন্থী ও মুসলিম সংগঠনের অনলাইন অ্যাকাউন্ট তৈরি করে যুক্তরাজ্যে বিভাজন সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা করেছে।

এ ছাড়া স্টারমারকে লক্ষ্য করে হামলার উদ্দেশ্য সম্পর্কে ভুয়া তথ্যও রাশিয়া-ভিত্তিক বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়, যা পরে উগ্র-ডানপন্থী কর্মী টমি রবিনসনসহ কয়েকজন ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রচার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যে রাশিয়ার দূতাবাস। এক বিবৃতিতে তারা বলেছে, রাশিয়া বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে তারা দাবি করেছে, যুক্তরাজ্য বা ব্রিটিশ জনগণের প্রতি রাশিয়ার কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই।

এদিকে রোমান লাভরিনোভিচ এবং ইউক্রেনে জন্ম নেওয়া রোমানিয়ার নাগরিক স্তানিস্লাভ কারপিউক সম্প্রতি লন্ডনের ওল্ড বেইলি আদালতে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে একই মামলার আরেক আসামি পেত্রো পোচিনোক অভিযোগ থেকে খালাস পেয়েছেন।

গত বছর উত্তর লন্ডনে স্টারমারের আগে ব্যবহৃত একটি গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে হামলার ঘটনা শুরু হয়। এরপর স্টারমারের সাবেক বাসভবনের ফ্ল্যাট এবং বর্তমানে তার শ্যালিকার ব্যবহৃত বাড়ির প্রবেশপথেও অগ্নিসংযোগ করা হয়।

তবে বিবিসির দাবি, আদালতের বিচার কার্যক্রমে হামলার আর্থিক দিকটি গুরুত্ব পেলেও এর নেপথ্যের পরিকল্পনাকারী, তার পরিচয় এবং সম্ভাব্য রাষ্ট্রীয় সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি ।

সূত্র: বিবিসি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.