প্রথম ম্যাচে ড্র, ব্রাজিলের সামনে শঙ্কার পরিসংখ্যান

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১১:৩৮ (রবিবার)
প্রথম ম্যাচে ড্র, ব্রাজিলের সামনে শঙ্কার পরিসংখ্যান

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়বঞ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘হেক্সা’ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করা সেলেসাওরা মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত আর জয়ের দেখা পায়নি কার্লো আনচেলত্তির দল।

এই ড্রয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবার উদ্বোধনী ম্যাচে জয়হীন থাকল ব্রাজিল। একই সঙ্গে সামনে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ ড্র করা তিন আসরের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি সেলেসাওরা।

১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ব্রাজিল টুর্নামেন্ট শেষ করেছিল চতুর্থ হয়ে। ১৯৭৮ সালে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর তৃতীয় স্থান অর্জন করে তারা। আর ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।

অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের প্রতিটিতেই উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল দলটি। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালের শিরোপাজয়ী আসরগুলোতে প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করেছিল তারা।

তবে পরিসংখ্যান সব সময় ভবিষ্যৎ নির্ধারণ করে না। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারালেও নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ এখনও রয়েছে ব্রাজিলের সামনে। এখন দেখার বিষয়, উদ্বোধনী ম্যাচের হোঁচট সামলে টুর্নামেন্টে কতটা দূর এগোতে পারে আনচেলত্তির শিষ্যরা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.