সীমান্তের শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ০২:৩৪ (শনিবার)
সীমান্তের শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

কুষ্টিয়ার দৌলতপুরে বিলগাতুয়া-প্রাগপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। পতাকা বৈঠক না হওয়ায় আড়াই বছরের শিশু সামাদসহ ১২ জনকে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় রাত কাটাতে বাধ্য হতে হচ্ছে।

শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশ আটকে দেয়। এরপর থেকে ওই ১২ জন ভারতের অংশে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথানপাড়া গ্রামের উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), বড় ছেলে শিহাদ (১৭), মেজো ছেলে ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্যও রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।

জানা গেছে, তাদের ভারতের কেরালা রাজ্য থেকে আটক করার পর বিএসএফ বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএসএফের অসহযোগিতায় তা ভেস্তে যায়। ফলে খাবার ও মানবিক সহায়তার অভাবে শিশু ও নারীসহ সবাইকে সীমান্তেই রাত কাটাতে হচ্ছে। শনিবার (১৩ জুন) সকাল ৯টায় বিলগাতুয়া সীমান্তে নতুন করে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনো অবৈধ পুশইন গ্রহণ করা হবে না। বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলেও তিনি জানান।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.