বাজেটকে ‘ঋণনির্ভর, লুটপাটের ও অবাস্তব’ বললো জামায়াতে ইসলামী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই বাজেট বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং এতে জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি।
শুক্রবার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ও ঘাটতি পূরণের কৌশল স্পষ্ট নয়। সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
জামায়াতের মতে, মূল্যস্ফীতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেন, বাজেটে কর প্রশাসন, দুর্নীতি দমন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কার্যকর উদ্যোগের প্রতিফলন নেই। এ কারণে বড় আকারের উন্নয়ন ব্যয়ে অপচয় ও দুর্নীতির ঝুঁকি বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে করমুক্ত আয়সীমা বাড়ানো, বাজেট ঘাটতি কমানো, বৈদেশিক ও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা হ্রাস এবং বিনিয়োগ ও কর্মসংস্থানবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় দলটি আরও দাবি করে, বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণের মতামত বিবেচনায় নিয়ে বাজেটে প্রয়োজনীয় সংশোধনী আনা উচিত।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.