৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৭:২৯ (শনিবার)
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। একই দিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসও লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ মে হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি অক্সিজেন সরবরাহে ঘাটতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

নোটিশের জবাব দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হলেও পরে তারা অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করে। এরপর ৯ জুন লিখিত জবাব জমা দেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আবেদন করার সুযোগ রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য খাতের তদারকি ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.