সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, ভারী বৃষ্টির পূর্বাভাসে বন্যার শঙ্কা
আবুল কাশেম রুমন: সিলেট অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুরমা ও কুশিয়ারাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কয়েকটি পয়েন্টে তা বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। যদিও এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় জেলায় মোট ১১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি বাড়তে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সিলেট অঞ্চলের পাশাপাশি ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানিও বাড়তে পারে। ফলে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায়ও সতর্কতা অবলম্বনের প্রয়োজন হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে আগামী রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে এটি সারাদেশে বিস্তৃত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টিপাত একসঙ্গে বৃদ্ধি পেলে সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.