মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে আগুনে প্রাণ হারালেন পরিবারের ৮ সদস্য

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ১১:৪৩ (সোমবার)
মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে আগুনে প্রাণ হারালেন পরিবারের ৮ সদস্য

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখতে এসে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন বিবেক আগরওয়াল, তার স্ত্রী তারজানি আগরওয়াল, দুই কন্যা জীবিশা ও ভার্যা আগরওয়ালসহ পরিবারের আরও চার সদস্য।

জানা গেছে, গুরুগ্রামের সেক্টর-৪৬ এলাকার বাসিন্দা আগরওয়াল পরিবারটি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের প্রবীণ সদস্য রাধে শ্যাম আগরওয়ালকে দেখতে এসেছিলেন। থাকার জন্য তারা হাউজ রানি এলাকার একটি হোটেলে দুটি কক্ষ ভাড়া নেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা হোটেলের রেস্তোরাঁয় নাশতা করার সময় ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। বের হওয়ার সুযোগ না পেয়ে একই পরিবারের আট সদস্যই প্রাণ হারান।

দমকল ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। ভবনের সংকীর্ণ কাঠামো এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে। সে সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার পর পরিবারের একমাত্র জীবিত নিকট আত্মীয় হিসেবে রয়ে গেছেন ৮০ বছর বয়সী রাধে শ্যাম আগরওয়াল, যিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যে বাবাকে দেখতে পরিবারটি দিল্লিতে এসেছিল, শেষ পর্যন্ত তিনিই হারালেন নিজের সন্তান, পুত্রবধূ, নাতনি ও স্বজনদের।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গুরুগ্রাম ও দিল্লিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একে সাম্প্রতিক সময়ের অন্যতম হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.