জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে ব্যয় সাশ্রয় এবং সরকারি কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ভার্চুয়াল প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং সরকারি ব্যয় সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি তেলের ব্যবহারও হ্রাস পাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, কর্মশালা ও প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারীদের যথাসম্ভব অনলাইনে যুক্ত করতে হবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে বিশেষ প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি বা সশরীরে সভা, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন এ নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ১২ এপ্রিল জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.