হাদি হত্যা ঘিরে বিস্ফোরক দাবি, ফেসবুক পোস্টে জামায়াত আমীরের পিএসের নাম

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬ ০২:৫৪ (সোমবার)
হাদি হত্যা ঘিরে বিস্ফোরক দাবি, ফেসবুক পোস্টে জামায়াত আমীরের পিএসের নাম

আলোচিত-সমালোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাদির ভাইয়ের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে দেওয়া কয়েকটি পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ওই আইডি থেকে করা এক পোস্টে দাবি করা হয়, হাদি হত্যাকাণ্ডের পেছনের প্রেক্ষাপট তৈরিতে জামায়াতের আমীর শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) জড়িত ছিলেন। পোস্টে আরও উল্লেখ করা হয়, হাদিকে ঢাকা-০৮ আসনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে দিতে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল।

একই আইডি থেকে দেওয়া আরেকটি পোস্টে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কিছু মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়, হাদি হত্যার সুষ্ঠু বিচার না হলে দেশে আরও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

পোস্টগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে। তবে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টটি সত্যিই হাদির ভাই পরিচালনা করছেন কিনা, অথবা সেটি হ্যাক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি বড় হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে তা তিনি জানেন। যদিও তিনি কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি।

হাদি হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.