হাম পরিস্থিতি নিয়ে দায় এড়ানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ০২:২১ (মঙ্গলবার)
হাম পরিস্থিতি নিয়ে দায় এড়ানোর চেষ্টা স্বাস্থ্যমন্ত্রীর

দেশজুড়ে উদ্বেগজনক হাম পরিস্থিতি ও শিশুমৃত্যু বাড়তে থাকলেও এর দায় বর্তমান সরকারের নয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বছরের পর বছর টিকাদান কার্যক্রমে অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই দেশে হাম সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। এ জন্য আগের আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসনকে দায়ী করেন তিনি।

বুধবার (২৭ মে) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, নির্ধারিত সময়ে এমআর টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় দেশে হামের ঝুঁকি বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ, গ্যাভি ও এডিবি একাধিকবার টিকা সংগ্রহের তাগিদ দিলেও তখন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তবে সরকারের সমালোচকরা বলছেন, বর্তমানে বিএনপি সরকারের আমলেই দেশে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলার বদলে আগের সরকারকে দায়ী করে বর্তমান ব্যর্থতা আড়াল করার চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহ করে সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে বিশেষ কর্মসূচি চালু করেছে। তার দাবি, ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

একইসঙ্গে স্বাস্থ্যখাতে অতীতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন বিবেচনা না করেই আগের সময়ে বিভিন্ন হাসপাতালে ব্যয়বহুল যন্ত্রপাতি কেনা হয়েছে, যার অনেকগুলো এখন অকেজো অবস্থায় পড়ে আছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া আগামী জুলাইয়ের পর থেকে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.