ইংল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, ভাঙতে পারে ৮২ বছরের রেকর্ড
ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ পরিস্থিতি ঘোষণা করেছে দেশটির আবহাওয়া বিভাগ মেট অফিস। মে মাসেই অস্বাভাবিক গরমে নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৪ মে) লন্ডনের কিউ গার্ডেনে সর্বোচ্চ ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। আবহাওয়াবিদরা বলছেন, সোমবার তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
বর্তমানে যুক্তরাজ্যের মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৪৪ সালে রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেট অফিস জানিয়েছে, লন্ডনসহ ইংল্যান্ডের অন্তত আটটি অঞ্চলে টানা তিন দিন নির্ধারিত মাত্রার বেশি তাপমাত্রা থাকায় আনুষ্ঠানিকভাবে ‘হিটওয়েভ’ বা তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডেও বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। স্কটল্যান্ডেও উষ্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে।
তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য অ্যাম্বার হিট-হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডের কিছু এলাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই যুক্তরাজ্যে অস্বাভাবিক গরমের ঘটনা বাড়ছে। গত এক দশকে দেশটিতে ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রার দিনের সংখ্যা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.