বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৪জন সহ নিহত ৫
ফরিদপুরের নগরকান্দায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর থেকে অসুস্থ এক স্বজনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন অ্যাম্বুলেন্সচালকসহ পাঁচজন।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), বোন খুশি বেগম (৪৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্সচালক কাউছার হোসেন (২৫)।
পারিবারিক সূত্র জানিয়েছে, স্ট্রোকের পর আলমগীর হোসেনকে চিকিৎসকের কাছে নিতে পরিবারের সদস্যরা একসঙ্গে রওনা দিয়েছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.