ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি “প্রায় চূড়ান্ত” পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।
শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ট্রাম্প দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি এটিকে “শান্তি সংক্রান্ত সমঝোতা স্মারক” বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে চুক্তির বেশিরভাগ বিষয় নিয়ে সমঝোতা হয়েছে। এখন কেবল চূড়ান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, গত এক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। তবে এখনো গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ইরান জানিয়েছে, তারা ১৪ দফার একটি কাঠামোগত সমঝোতা চূড়ান্ত করার কাজ করছে। এরপর আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আরও আলোচনা হতে পারে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, গত কয়েকদিন ধরে মার্কিন প্রশাসনের ভেতরে ইরান ইস্যুতে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা আসেনি।
এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় উপকূলীয় বন্দরগুলো অবরোধ করে রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ অবরোধের ফলে ইরানের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এবং বহু জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য এই সমঝোতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.