শিশু রামিসা হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশে শিশু রামিসাকে নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নারী সংগঠন ‘গ্লো ওয়েমেন’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি স্নিগ্ধা মিষ্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারজানা আহমদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি নারী সংগঠক, মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নারী সংগঠক স্মৃতি আজাদ, সাবেক কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আলীমুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মুজিবুল হক মনি, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন এবং মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাংশু দাস প্রমুখ।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। সেখানে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.