ঘুমন্ত শিশুকে গলা কেটে হত্যা, মা আটক
আবুল কাশেম রুমন:
সিলেট নগরীর জালালাবাদ থানার পুরাতন কালারুকা এলাকায় নিজ কন্যা সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। তার বয়স ছিল প্রায় ১ বছর ৮ মাস। সে পুরাতন কালারুকা গ্রামের বাসিন্দা আমির আলীর মেয়ে। এ ঘটনায় আটক করা হয়েছে শিশুটির মা সুবিনা বেগমকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাইরে যান শিশুটির বাবা আমির আলী। এ সময় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। নামাজ শেষে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.