জৈবিক লিঙ্গ অনুযায়ী টয়লেট ও চেঞ্জিং রুম ব্যবহারের নির্দেশনা যুক্তরাজ্যে

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৩:৪৮ (মঙ্গলবার)
জৈবিক লিঙ্গ অনুযায়ী টয়লেট ও চেঞ্জিং রুম ব্যবহারের নির্দেশনা যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে টয়লেট ও পোশাক পরিবর্তন কক্ষ ব্যবহারে জৈবিক লিঙ্গকে ভিত্তি হিসেবে নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সমতা ও মানবাধিকার কমিশন। নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, নারী বা পুরুষ হিসেবে পরিচয় দিলেও ব্যবহার করতে হবে জন্মগত বা জৈবিক লিঙ্গ অনুযায়ী নির্ধারিত আলাদা সুবিধা।

বৃহস্পতিবার প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়, জন্মগতভাবে পুরুষ কিন্তু নিজেকে নারী হিসেবে পরিচয়দানকারী ব্যক্তি নারীদের টয়লেট বা চেঞ্জিং রুম ব্যবহার করতে পারবেন না। একইভাবে জন্মগতভাবে নারী কিন্তু নিজেকে পুরুষ হিসেবে পরিচয়দানকারী ব্যক্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

তবে নির্দেশনায় বলা হয়েছে, রূপান্তরকামী ব্যক্তিদের জন্য আলাদা বা নিরপেক্ষ সুবিধা রাখার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে পৃথক লকযোগ্য কক্ষ বা লিঙ্গনিরপেক্ষ টয়লেট ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

সমতা ও মানবাধিকার কমিশনের এই আচরণবিধি ইতোমধ্যে সরকারের অনুমোদন পেয়েছে। এখন এটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে। আগামী ৪০ দিনের মধ্যে কোনো আপত্তি না এলে এটি আইনি বাধ্যবাধকতা হিসেবে কার্যকর হবে।

এই নির্দেশনা এসেছে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এক রায়ের পর। গত বছর আদালত রায়ে বলেছিল, সমতা আইনের অধীনে “নারী” বলতে জৈবিক নারীকে বোঝানো হবে।

নতুন নির্দেশনায় হাসপাতাল, জিমনেসিয়াম, শপিং সেন্টার, রেস্টুরেন্টসহ জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কীভাবে নারী-পুরুষের আলাদা সুবিধা পরিচালিত হবে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

নারী ও সমতা বিষয়ক মন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, “মানুষ যেন বৈষম্য ও হয়রানি ছাড়া জীবনযাপন করতে পারে, সেটিই সরকারের লক্ষ্য। প্রতিষ্ঠানগুলো যেন আইন বাস্তবায়নে স্পষ্ট নির্দেশনা পায়, সে উদ্দেশ্যেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে।”

এদিকে নতুন নির্দেশনাকে স্বাগত জানিয়েছে নারী অধিকারভিত্তিক কয়েকটি সংগঠন। তাদের দাবি, এতদিন অনেক প্রতিষ্ঠান আইন অমান্য করে নারী নির্ধারিত স্থানে পুরুষদের প্রবেশের সুযোগ দিচ্ছিল।

অন্যদিকে রূপান্তরকামী অধিকারকর্মীরা বলছেন, এই নির্দেশনা তাদের অধিকার আরও সীমিত করবে এবং জনজীবনে অংশগ্রহণ কঠিন করে তুলবে।

ব্রিটেনজুড়ে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে লিঙ্গনিরপেক্ষ টয়লেট চালু করলেও নতুন নির্দেশনা কার্যকর হলে বিভিন্ন জায়গায় অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

সূত্র: বিবিসি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.