সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৬:১৯ (মঙ্গলবার)
সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে সরকার যতদিন চাইবে, ততদিন সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন। যদিও ধীরে ধীরে সদস্য সংখ্যা কমানো হয়েছে, তবে এখনো পুরোপুরি ব্যারাকে ফেরেনি বাহিনী।

তিনি বলেন, “আমরা আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সবাই ব্যারাকে ফিরতে পারবে। তবে দেশের প্রয়োজন হলে ভবিষ্যতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সরকারকে সহায়তা করতে হবে।”

জ্বালানি ডিপোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনো সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কারণে সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। এখন ধীরে ধীরে যুদ্ধ প্রস্তুতি, শৃঙ্খলা ও প্রশিক্ষণ কার্যক্রম আবারও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, “ফায়ারিং অনুশীলন সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের দক্ষতা কমেনি, এটি অত্যন্ত ইতিবাচক দিক।”

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, গত ১৬ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.