ঈদ উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০২:৫৪ (মঙ্গলবার)
ঈদ উপলক্ষে সংবাদপত্রে ৫ দিনের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সোমবার (১৮ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের দৈনিক সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকবে।

এদিকে ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে জরুরি সেবাখাত এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও টেলিযোগাযোগসহ গুরুত্বপূর্ণ সেবা যথারীতি চালু থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ ছুটিকে ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। ইতোমধ্যে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.