বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০২:৫২ (মঙ্গলবার)
বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

তিনি জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা সংস্থা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ধর্মমন্ত্রী বলেন, “আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।”

এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও ২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছিল। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা এ দিনে পশু কোরবানি করে থাকেন।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.