১ জুলাই থেকে নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়ন

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ০৪:৩৯ (মঙ্গলবার)
১ জুলাই থেকে নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন কাঠামোর আওতায় আংশিক বেতন বৃদ্ধি কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলোর দাবি।

সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে নতুন পে-স্কেলের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং সরকারের ব্যয় সক্ষমতা বিবেচনায় রেখে একযোগে নয়, বরং তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ কারণে প্রথম ধাপে আগামী জুলাই থেকে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য নতুন বাজেটে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতিও চলছে।

পরবর্তী ধাপে বাকি ৫০ শতাংশ মূল বেতন কার্যকর করা হবে। আর শেষ ধাপে বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা সমন্বয় করা হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজারে হঠাৎ অর্থের চাপ তৈরি হবে না এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

সূত্রগুলো বলছে, নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড বহাল থাকবে। তবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

এছাড়া গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আলোচনায় এসেছে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধানও কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

এর আগে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখের বেশি পেনশনভোগী রয়েছেন।

তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দেয়নি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি আসন্ন বাজেট বক্তৃতায় স্পষ্ট হতে পারে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.