সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা
সৌদি আরবের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আরাফাত দিবস পালিত হবে ২৬ মে।
রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার তথ্য নিশ্চিত হওয়ার পর নতুন মাস শুরুর সিদ্ধান্ত জানানো হয়।
সৌদিভিত্তিক বিভিন্ন ইসলামিক তথ্যমাধ্যম ও দুই পবিত্র মসজিদকেন্দ্রিক প্ল্যাটফর্মও সামাজিক যোগাযোগমাধ্যমে জিলহজের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জানিয়েছে, তাদের দেশেও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ পালিত হবে একদিন পরে, অর্থাৎ ২৮ মে।
বাংলাদেশে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, তা জানাতে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশে জিলহজ মাস ও ঈদের তারিখ ঘোষণা করা হবে।
ইসলাম ধর্মে হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর জিলহজ মাসে বিশ্বের লাখো মুসল্লি সৌদি আরবের মক্কায় হজ পালনে অংশ নেন। ঈদুল আজহায় মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.