ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
দেশে হামের টিকাদান কার্যক্রম নিয়ে বিতর্কের মধ্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে হামের টিকা ব্যবস্থাপনায় অনিয়ম ও অবহেলার অভিযোগ তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চলমান রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচিকে বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের কারণে দেশে নতুন করে হামের সংক্রমণ বেড়েছে এবং বহু শিশু আক্রান্ত হয়েছে।
আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে তদন্ত কমিটি গঠন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়েছে। এতে বহু শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
রিট আবেদনটি শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.