পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত, আহত আরও ৪
পর্তুগালের আলগার্ভ অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার বাংলাদেশি।
গত বৃহস্পতিবার (১৪ মে) মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় একটি প্রাইভেটকারকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মে) লিসবনে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে।
নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস ও কর্মরত ছিলেন।
দূতাবাস জানায়, দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে দূতাবাসের একজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর পর্তুগালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের চলাচল ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস।
আইটি ল্যাব সলিউশন্স লি.