ভারতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে প্রাণ গেল অন্তত ৩৩ জনের

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:৪২ (সোমবার)
ভারতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে প্রাণ গেল অন্তত ৩৩ জনের

ভারতের উত্তরপ্রদেশে আকস্মিক শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এবং বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) উত্তরপ্রদেশের ভাদোহী, ফতেহপুর, বুধাউনসহ কয়েকটি জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ভাদোহী জেলায়। সেখানে ১৬ জন নিহত হয়েছেন। ফতেহপুরে মারা গেছেন ৯ জন এবং বুধাউনে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। এছাড়া অন্য কয়েকটি জেলাতেও হতাহতের খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে, বাড়ির দেয়াল ধসে এবং বজ্রপাতের ঘটনায় অধিকাংশ মানুষ নিহত হয়েছেন। ভাদোহীতে আহত হয়েছেন অন্তত ৬ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফতেহপুরে আহত হয়েছেন অন্তত ১৬ জন। খাগা তেহসিল এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে পাঁচ নারীসহ ৮ জন নিহত হন। অন্যদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে।

ঝড়ের কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমেও সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার বলেন, বিভিন্ন এলাকা থেকে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।

ঝড়-বৃষ্টির কারণে কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় ফসল নষ্ট হওয়ার পাশাপাশি গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.