ইংল্যান্ডের ব্রাইটনের সমুদ্র সৈকত থেকে ৩ তরুণীর মরদেহ উদ্ধার
ইংল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর ব্রাইটনের উপকূল থেকে তিন তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) ভোরে সমুদ্রে একজনকে দেখা যাওয়ার খবর পেয়ে অভিযান শুরু করলে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সাসেক্স পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাইটনের মাদেইরা ড্রাইভ এলাকার ব্ল্যাক রকস সৈকতের কাছে সমুদ্রে একজনের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা কাছাকাছি এলাকা থেকে আরও দুই নারীর মরদেহ খুঁজে পান।
পুলিশের ধারণা, নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের স্বজনদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যাডাম হেইস বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি।” তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমাননির্ভর মন্তব্য না করার আহ্বান জানানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে ওই তিন নারী সমুদ্রে গেলেন বা কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। ধারণা করা হচ্ছে, তারা সৈকত থেকে পানিতে নেমে বিপদে পড়তে পারেন।
ঘটনার পর কয়েক ঘণ্টা পুরো সৈকত এলাকায় নিরাপত্তা বেষ্টনী জারি রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সৈকতটি আবার খুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত সাঁতারুদের অনেকে জানিয়েছেন, বুধবার সমুদ্র বেশ উত্তাল ছিল এবং প্রবল স্রোত ছিল। তারা মনে করছেন, অভিজ্ঞ না হলে ওই পরিস্থিতিতে পানিতে নামা বিপজ্জনক হতে পারে।
ব্রাইটন অ্যান্ড হোভ সিটি কাউন্সিলের নেত্রী বেলা স্যাংকি এ ঘটনাকে “হৃদয়বিদারক” বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে স্থানীয় এমপিরাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, কোস্টগার্ড জানিয়েছে, বর্তমানে আর কাউকে খোঁজা হচ্ছে না এবং উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। পুলিশ জনগণের কাছে কোনো তথ্য থাকলে তা তদন্তকারীদের জানানোর আহ্বান জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.