কাতারে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
মধ্যপ্রাচ্যের দেশ কাতার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির হিসাবে, আগামী ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে, বুধবার।
মঙ্গলবার (১২ মে) কাতার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে ওইদিন সূর্যাস্তের আগে চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ বেশিরভাগ আরব দেশে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
এই হিসাব অনুযায়ী, রোববার জিলকদ মাসের শেষ দিন হবে এবং সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে বলে ধারণা করছে কাতার কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসলামি মাস নির্ধারণ করা হয় চাঁদের আবর্তনের ওপর ভিত্তি করে। তবে অনেক দেশ এখন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবও বিবেচনায় নিচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে ঘোষণা করা হয়।
এদিকে সৌদি আরবসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোও শিগগিরই ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.