নাহিদের আগুনঝরা বোলিংয়ে মিরপুরে পাকিস্তান বধ

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৭:২৩ (মঙ্গলবার)
নাহিদের আগুনঝরা বোলিংয়ে মিরপুরে পাকিস্তান বধ

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে নাহিদ রানা আগুনঝরা বোলিং করে ৪০ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই চাপে পড়ে। ওপেনার ইমাম-উল-হককে প্রথম ওভারেই ফেরান তাসকিন। পরে আব্দুল্লাহ ফজলের ৬৬ রানের ইনিংস ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি।

এর আগে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান করে ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ও তুলে নিল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল টাইগাররা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.