বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনের রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে কাজ করছে।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা, আর অ্যালামনাইরা হচ্ছে তার মেরুদণ্ড।” দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সাবেক শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গবেষণায় অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশেও দেশে-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে শিক্ষাবিদদের আরও গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের সক্ষমতা বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই শিক্ষা কাঠামো নিয়ে একাধিক টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.