হামের বিস্তার ও টিকা সংকট: বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করবে সরকার

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৪:১৮ (মঙ্গলবার)
হামের বিস্তার ও টিকা সংকট: বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন করবে সরকার

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি, টিকার সংকট এবং এ নিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই পরিস্থিতি কেন তৈরি হলো, টিকা সরবরাহ ও টিকাদান কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্তের আওতায় আনা হবে।

উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই দেশীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, “হামের টিকার সংকট কেন তৈরি হয়েছে, কোথায় সমন্বয়হীনতা বা অব্যবস্থাপনা ছিল, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে কারও দায়িত্বে অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি সূত্র বলছে, সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় স্বাস্থ্য খাতে চাপও বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, সচেতনতার অভাব এবং কিছু এলাকায় টিকার স্বল্পতা পরিস্থিতিকে জটিল করেছে।

সরকার জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে টিকা ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য নিরাপত্তা এবং জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.