যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’, ট্রাম্পের কড়া মন্তব্য
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কার্যকর থাকা যুদ্ধবিরতি এখন “ম্যাসিভ লাইফ সাপোর্টে” রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে “আবর্জনা” বলে আখ্যা দিয়েছেন।
সোমবার (১২ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি এখনো টিকে আছে, কিন্তু এটি অবিশ্বাস্য রকম দুর্বল।”
তিনি আরও বলেন, “যখন ডাক্তার এসে বলে আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ, তখন যেমন অবস্থা হয়, এই যুদ্ধবিরতির অবস্থাও এখন ঠিক তেমন।”
এর আগে রোববার ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা প্রস্তাব পাঠায়। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে যুদ্ধ পুরোপুরি বন্ধ, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়।
ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের প্রস্তাবে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তবে ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
পরে ওভাল অফিসে আরও কঠোর ভাষায় তিনি বলেন, “ওরা যে আবর্জনাটা পাঠিয়েছে, আমি সেটি শেষ পর্যন্ত পড়িওনি।”
ট্রাম্প অভিযোগ করেন, ইরান পূর্বের সমঝোতা থেকে সরে এসেছে। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে তেহরান নাকি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি জোর দিয়ে বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।”
তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “ইরানের প্রস্তাবে কোথাও সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়নি।”
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ইরানের প্রস্তাব ছিল “দায়িত্বশীল” ও “উদার।” তিনি বলেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান “প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ” নেবে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরবর্তীতে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝেমধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.