সিলেটী কন্যা সাবিনা লন্ডনে টানা চতুর্থবার কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ০০:৩৬ (মঙ্গলবার)
সিলেটী কন্যা সাবিনা লন্ডনে টানা চতুর্থবার কাউন্সিলর নির্বাচিত

লন্ডনের পূর্বাঞ্চলীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি গ্রিন ওয়ার্ডে আবারও বিজয়ের হাসি হাসলেন বাংলাদেশী বংশোদ্ভূত রাজনীতিক সাবিনা আক্তার। 

অ্যাসপায়ার পার্টির প্রার্থী হিসেবে তিনি ১ হাজার ৯৪০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের আব্দুল ওয়াহিদ আলী পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট। 

অন্যদিকে গ্রিন পার্টির ভলকার গুলদে পেয়েছেন ৬৯৮ ভোট এবং লেবার পার্টির সানু মিয়া পেয়েছেন ৬৯৩ ভোট। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে আবারও আলোচনায় এসেছেন কুলাউড়ার এই কৃতি সন্তান।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ওসমানপুর গ্রামের সন্তান সাবিনা আক্তার দীর্ঘদিন ধরে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের গুরুত্বপূর্ণ ‘স্বাস্থ্য, জনকল্যাণ ও প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা’ বিভাগের ক্যাবিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৭ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

প্রায় দুই দশক লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালে দলীয় মতপার্থক্যের কারণে অ্যাসপায়ার পার্টিতে যোগ দেন সাবিনা আক্তার। তবে দল পরিবর্তনের পরও তার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি। বরং স্থানীয় বাংলাদেশি ও সিলেটি কমিউনিটির মধ্যে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতির বাইরে কমিউনিটি উন্নয়ন, প্রবীণদের কল্যাণ, স্বাস্থ্যসেবা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন সাবিনা আক্তার। প্রবাসের ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও নিজের শিকড় ভুলে যাননি তিনি। কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন।

তার এই বিজয়ে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সিলেটি কমিউনিটিতেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, সাবিনা আক্তারের এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি প্রবাসে সিলেটি নারী নেতৃত্ব ও বাঙালিদের রাজনৈতিক শক্তির আরেকটি উজ্জ্বল উদাহরণ।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.