সিলেটি কন্যা রুজি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচিত

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৯:১৫ (মঙ্গলবার)
সিলেটি  কন্যা রুজি টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচিত

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে সফলতা অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত রুজি খানম। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোর মাইলএন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির জন্য এটি আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, ‘অ্যাসপায়ার’ দলের প্রার্থী রুজি খানম পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট। একই ওয়ার্ডে তার দলের আরও দুই প্রার্থী মোহাম্মদ হাসান মাহমুদ ও মোহাম্মদ ওমর মেহেদিও নির্বাচিত হয়েছেন। তারা যথাক্রমে পেয়েছেন ১ হাজার ৭৯৫ ও ১ হাজার ৭৭৫ ভোট।

মাইলএন্ড ওয়ার্ডে মোট ৩টি আসনের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে লেবার পার্টি, গ্রিন পার্টি, কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট ও স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন। তবে শেষ পর্যন্ত অ্যাসপায়ার দলের তিন প্রার্থীই বিজয় অর্জন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমিউনিটি উন্নয়ন, নারী অধিকার, সামাজিক সম্প্রীতি এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন কাজ করায় এলাকাবাসীর আস্থা অর্জন করেন রুজি খানম। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, রুজি খানমের পারিবারিক শিকড় সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা এলাকায়। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততা রয়েছে।

তার এই বিজয়ে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে এই অর্জনকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.