সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৫:০৫ (মঙ্গলবার)
সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি  দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণ ও সীমান্ত অবকাঠামো জোরদারে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার “ডাবল ইঞ্জিন” মডেলে কাজ করবে এবং দল-মত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অভিযোগ করেছিলেন, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণ ও বিএসএফের অবকাঠামোগত কাজের জন্য প্রয়োজনীয় জমি দিতে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়িমসি করছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। সীমান্তে কাঁটাতার নির্মাণের মাধ্যমে অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ।

তবে সীমান্ত এলাকায় নতুন করে কাঁটাতার নির্মাণের সিদ্ধান্ত ঘিরে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বাসিন্দাদের চলাচল, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে এর প্রভাব নিয়ে উদ্বেগও রয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.