পুলিশকে আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১২:৫৬ (মঙ্গলবার)
পুলিশকে আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি পুলিশ বাহিনীকে দেশের জনগণ ও স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে রাজারবাগ পুলিশ লাইন্সের প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চট্টগ্রামে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার পাশাপাশি রাজারবাগে পুলিশের প্রতিরোধও মুক্তিযুদ্ধকে বেগবান করেছিল।

তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে এখনও নানা গবেষণা চলছে। মার্চ ১৯৭১ এর উত্তাল সময়ে সব পুলিশ সদস্যকে একসঙ্গে রাজারবাগে রাখার সিদ্ধান্তের পেছনে কী কৌশল ছিল, সেটিও গবেষণার বিষয় হতে পারে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, আর সেই প্রত্যাশা পূরণে পুলিশের পেশাদারিত্ব ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন। জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ বাহিনীকে আরও দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে।

তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশ চাইলে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখতে সক্ষম।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পুলিশ সদস্যরা সাহসিকতা, দক্ষতা ও মানবিকতার পরিচয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আরও মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.