দেশে হাম পরিস্থিতির আরও অবনতি, ২৪ ঘন্টায় ৯ মৃত্যু
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম পাওয়া গেছে ৪৮৯ জনের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৬১ জন। বাকি ২৯১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জনের শরীরে। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪৭ হাজার ৬৫৬ শিশু।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮০ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণের কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.