গাজীপুরে একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে হত্যা

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ১৩:৩২ (মঙ্গলবার)
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন সন্তান ও ভাই। এ ঘটনায় নিহত নারীর স্বামী মো. ফোরকানকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রাউৎকোনা এলাকায় একটি ভাড়া বাসা থেকে রক্তাক্ত মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৫), মারিয়া (১২), এক বছরের শিশু কন্যা ফারিয়া এবং শ্যালক রসুল। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন ফোরকান ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারটিকে স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার সকালে ঘরের ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

কাপাসিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে মোবাইল ফোনে জানায় যে তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে শিশুদের মরদেহ পাশাপাশি পড়ে ছিল। অন্যদিকে শারমিন ও তার ভাই রসুলের মরদেহ পাওয়া যায় আলাদা স্থানে। ঘটনাস্থলের বিভৎস দৃশ্য দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.