পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
শুভেন্দু অধিকারীর সঙ্গে নতুন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্যও শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
গত ৪ মে প্রকাশিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। এরপর থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল।
শুক্রবার বিজেপির বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
অমিত শাহ বলেন, দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী পদে একমাত্র শুভেন্দু অধিকারীর নামই প্রস্তাব করা হয় এবং অন্য কোনো নাম আসেনি। ফলে সর্বসম্মত সিদ্ধান্তে তাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি রাজ্যের অন্যতম প্রভাবশালী বিরোধী নেতায় পরিণত হন। এবারের নির্বাচনে বিজেপির বড় জয়ের পর সেই রাজনৈতিক যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করলো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় ভারতের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.