কারাগারে সৌরবিদ্যুৎ প্রকল্প, জাতীয় গ্রিডে যোগ হবে অতিরিক্ত বিদ্যুৎ
দেশের কারাগারগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারের ভবনগুলোর ছাদ ব্যবহার করে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে প্রায় ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
শুক্রবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারা অধিদপ্তর জানিয়েছে, সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে গত ৫ মে কারা অধিদপ্তর ও ইনজেন টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কারাগারের বিভিন্ন ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে কারাগারের নিজস্ব কাজে ব্যবহার করা হবে। এরপর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা হবে।
প্রকল্পটি বাস্তবায়নে সরকারের কোনো সরাসরি বিনিয়োগ থাকবে না। পুরো কার্যক্রম বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হবে। এতে বিদ্যুৎ খাতে সরকারের ব্যয় কমবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারা কর্তৃপক্ষ বলছে, আধুনিক ও উৎপাদনমুখী কারাগার গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.