আন্তর্জাতিক সাইবার হামলায় বিপর্যস্ত হাজারো বিশ্ববিদ্যালয় ও স্কুল

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০২:৫৮ (মঙ্গলবার)
আন্তর্জাতিক সাইবার হামলায় বিপর্যস্ত হাজারো বিশ্ববিদ্যালয় ও স্কুল

আন্তর্জাতিক সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার হাজারো বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। হামলার কারণে বিশ্বের বহুল ব্যবহৃত শিক্ষা সফটওয়্যার “ক্যানভাস” হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষা, ক্লাস ও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্ট্রাকচারের মালিকানাধীন ক্যানভাস প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান। হামলার দায় কুখ্যাত হ্যাকার গোষ্ঠী “শাইনি হান্টার্স” নিয়েছে বলে জানা গেছে ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ ব্যবহারকারীর জন্য সেবা আংশিক চালু করা গেলেও অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো সমস্যা চলছে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, ক্যানভাস সাময়িকভাবে অকার্যকর রয়েছে এবং নতুন করে লগইন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সেমিস্টারের গুরুত্বপূর্ণ সময়ে এই পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শুক্রবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে। আইডাহো স্টেট ইউনিভার্সিটিও নির্ধারিত পরীক্ষাগুলো বাতিল করে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি জানিয়েছে, “কেউই ক্যানভাসে প্রবেশ করতে পারছে না” এবং দ্রুত সমাধানের সম্ভাবনাও কম।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবিলম্বে ক্যানভাস থেকে লগআউট করতে বলেছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, তারা এই সাইবার হামলার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের শিক্ষার্থীরা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেননি। শিকাগো বিশ্ববিদ্যালয় নিরাপত্তার কারণে সাময়িকভাবে তাদের ক্যানভাস পেজ বন্ধ করে দেয়।

শিকাগোভিত্তিক একটি ছাত্র পত্রিকায় প্রকাশিত তথ্যে দেখা গেছে, হ্যাকাররা বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে “সমঝোতা” করার আহ্বান জানিয়েছে। অন্যথায় তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জ্যাক অ্যাবু-রিজক বিবিসিকে বলেন, তিনি একটি ভুয়া প্রশাসনিক ইমেইলের মাধ্যমে হুমকির বার্তা পান। তিনি বলেন, “আমি জানতাম না কী ঘটছে। এমন বার্তা পাওয়া সত্যিই ভয়ঙ্কর।”

তিনি আরও বলেন, “শুধু পড়াশোনা নয়, আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হবে কি না, সেটিও এখন বড় উদ্বেগের বিষয়।”

সাইবার নিরাপত্তা বিশ্লেষক লুক কনোলি জানিয়েছেন, হামলাকারীরা রোববার থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি শুরু করে এবং মুক্তিপণ নিয়ে আলোচনার সময়সীমাও নির্ধারণ করে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার দেশটির সরকারকে দ্রুত সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এমন হামলা আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং মানুষের জীবন ও জীবিকার ওপর বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.