ক্রিকেটার অমিতসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ০৪:৫৬ (মঙ্গলবার)
ক্রিকেটার অমিতসহ ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতি, ফিক্সিং ও জুয়ার অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্ত শেষে একজন ক্রিকেটার, দুই টিম ম্যানেজার এবং এক ফ্র্যাঞ্চাইজি সহ-মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিসিবির দুর্নীতি দমন ও সততা ইউনিট প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রায় ৯০০ পৃষ্ঠার বিস্তৃত তদন্ত প্রতিবেদনে ম্যাচ ফিক্সিং, জুয়ায় সম্পৃক্ততা, তদন্তে বাধা সৃষ্টি এবং তথ্য গোপনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা খেলার পরিস্থিতি নিয়ে বাজি ধরা কিংবা বাজি গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া টিম ম্যানেজার মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য-প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে ম্যাচে বাজিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতা, গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং তথ্য ধ্বংসের অভিযোগ এনেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত চারজনকে আপাতত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

একই ঘটনায় সামিনুর রহমান নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বিসিবির ভাষ্য অনুযায়ী, বিপিএলের নবম, দশম ও একাদশ আসরে দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রেখে খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়ার প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। তদন্তে তিনি নিজের সংশ্লিষ্টতার বিষয়ও স্বীকার করেছেন বলে জানিয়েছে বোর্ড।

বুধবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল রয়েছে বোর্ড। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিপিএলের মতো দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্নীতির অভিযোগ সামনে আসায় ক্রিকেটের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.