ঈদে টানা ৭ দিনের ছুটিতে দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ে ঈদের আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগে ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দুই দিন সরকারি অফিস খোলা থাকবে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘ ঈদযাত্রা, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং সেবাখাতের চাপ সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এই নীতিমালায় সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নীতিমালায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট নির্মাণের নির্দেশনা রাখা হয়েছে। পাশাপাশি সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী-পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব পাবলিক টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হবে, যাতে বর্জ্য নদী-খাল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করতে পারে।
এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে সমন্বিত কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য ও নগর পরিচ্ছন্নতা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.