সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী জয়ের দুই দিনের মাথায় সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রাঠকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রাতে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রাঠ। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িকে ধাওয়া করে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলিতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হামলায় তার গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাটি পরিকল্পিত ছিল এবং হামলাকারীরা আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধি নজরদারি করছিল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, চন্দ্রনাথ রাঠ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। তিনি সাবেক সেনাসদস্যও ছিলেন।
ঘটনার পর শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করে এটিকে “পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড” বলে দাবি করেছেন। বুধবার রাতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এটি শুধু একজন সহকর্মীর মৃত্যু নয়, বরং গণতন্ত্রের ওপর হামলা।”
এদিকে পশ্চিমবঙ্গ বিজেপি এ হত্যাকাণ্ডের জন্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দায়ী করেছে। দলটির নেতারা কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত দাবি করেছেন।
অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত।
পুলিশ সূত্র জানিয়েছে, মধ্যমগ্রাম ও যশোর রোড এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে বিশেষ তদন্ত দলও গঠন করা হয়েছে।
এই হত্যাকাণ্ড এমন সময় ঘটলো, যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে এবং দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পরপরই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.