হামে আরও ৭ শিশুর মৃত্যু; মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২৪

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ১৭:৩৬ (মঙ্গলবার)
হামে আরও ৭ শিশুর মৃত্যু; মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২৪

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হামজাতীয় উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৬ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ মে সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ শিশু। বাকি ২৬৮ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

একই সময়ে সারা দেশে নতুন করে হাম আক্রান্ত ও হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেড় মাসে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৯ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে ৪৪ হাজার ২৬০ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৭ জন।

ক্রমবর্ধমান সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা হামজাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জনসমাগম এড়িয়ে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.