আমিরাতে হামলায় উদ্বেগ, কৌশলী অবস্থানে বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আমিরাতে বসবাসরত বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। চলমান আঞ্চলিক সংঘাতে ইতোমধ্যে আটজন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে হামলার জন্য দায়ী পক্ষের নাম উল্লেখ না করে কূটনৈতিকভাবে সংযত অবস্থান নিয়েছে বাংলাদেশ। যদিও আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিবেদনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে, সে প্রসঙ্গ এড়িয়ে গেছে ঢাকার আনুষ্ঠানিক বিবৃতি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। একইসঙ্গে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
উল্লেখ্য, সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। হামলার পেছনে কারা জড়িত, তা আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা না হলেও আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা চলছে।
সর্বশেষ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.