হামে শিশু মৃত্যু: ইউনুস সরকারের পক্ষে সাফাই তথ্য উপদেষ্টার

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ১৩:৫২ (মঙ্গলবার)
হামে শিশু মৃত্যু: ইউনুস সরকারের পক্ষে সাফাই তথ্য উপদেষ্টার

হামের টিকা কর্মসূচিতে ঘাটতির বিষয়ে সমালোচনার মুখে তদন্তের কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কেন সব শিশুকে টিকার আওতায় আনা যায়নি, তা খতিয়ে দেখা হবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এবং শিশু মৃত্যুর মতো পরিস্থিতি তৈরির ইচ্ছা সরকারের ছিল না। তবে এ ধরনের ব্যাখ্যা প্রশ্নের জন্ম দিয়েছে—যেখানে জনস্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি কেন রয়ে গেল।

ডা. জাহেদ উর রহমান জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করা হবে। কিন্তু সমালোচকরা বলছেন, টিকা কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে আগে থেকেই কার্যকর নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের হিসাবে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। বাকি শিশুদের দ্রুত টিকার আওতায় আনার আশ্বাসও দেন তিনি।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা কর্মসূচিতে ১০ শতাংশের বেশি শিশুর বাইরে থেকে যাওয়া একটি বড় ধরনের ঝুঁকি তৈরি করে, যা সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার ইঙ্গিত দেয়।

সাম্প্রতিক সময়ে টিকা কার্যক্রম নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতে শুধু তদন্তের ঘোষণা নয়, কার্যকর জবাবদিহিতা ও দ্রুত সমাধানের দাবিও জোরালো হচ্ছে।

এডিটর ইন চীফ: গোলাম রসুল খান

মোবাইল: +447538476881

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.