সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্দিষ্ট আসনে একমাত্র প্রার্থী থাকায় বিধি অনুযায়ী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র কমিশনে পাঠানো হয়েছে।
জানা গেছে, একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর কার্যত একক প্রার্থী হিসেবে থেকে যান নুসরাত। সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় পার হওয়ার পর নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন তার মনোনয়ন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে।
অন্যদিকে, নিজের প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন হাইকোর্টে রিট দায়ের করেন এবং গেজেট প্রকাশ স্থগিতের আবেদন জানান। তবে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়েছে। বিষয়টি মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের পক্ষ থেকে কোনো বাধা না থাকলে নুসরাত তাবাসসুমের বিজয়ের গেজেট দ্রুত প্রকাশ করা হবে।
এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের একটি আসন নিয়ে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.