যুক্তরাজ্যের ব্রিস্টলে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২, আহত ৩
যুক্তরাজ্যের ব্রিস্টলে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। পুলিশ ঘটনাটিকে “সন্দেহজনক” হিসেবে উল্লেখ করলেও এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে ব্রিস্টলের ফ্রেঞ্চে এলাকার স্টার্নকোর্ট রোডের একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একই ঠিকানায় পারিবারিক একটি ঘটনার খবর পেয়ে সেখানে যায় এভন সামারসেট পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।
ঘটনার পরপরই এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ এবং আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি মোকাবিলায় “মেজর ইনসিডেন্ট” ঘোষণা করা হয় এবং পুরো এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার ম্যাট এবস এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি একটি জটিল ও সংবেদনশীল তদন্ত। আমরা এখনো বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে পারিনি, তবে এটি সন্দেহজনক হিসেবে বিবেচনা করছি।” তিনি আরও জানান, নিহত ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি ঠিকানায়ও তদন্ত চলছে।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে কাজ করছে ব্রিটিশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী ইউনিট। পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে অনেকেই ঘুম থেকে লাফিয়ে উঠে বাইরে বেরিয়ে আসেন। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ, অ্যাম্বুলেন্স ও সশস্ত্র বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়।
উচ্ছেদ হওয়া বাসিন্দাদের প্রথমে নিকটবর্তী একটি রেস্টুরেন্টে এবং পরে একটি সামাজিক ক্লাবে আশ্রয় দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও ব্রিস্টল সিটি কাউন্সিল তাদের সহায়তায় কাজ করছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.