৩০ দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধান চায় ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি ১৪ দফার একটি পরিকল্পনায় আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যুর সমাধান করে যুদ্ধের স্থায়ী অবসান চেয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে। এতে সাময়িক যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে।
ইরানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাব হিসেবেই এই নতুন প্রস্তাব এসেছে। এতে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নৌ অবরোধ বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত বন্ধের আহ্বানও রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়সীমা শেষে ইরান আবার সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু করতে পারে। তবে দেশটি তাদের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের প্রস্তাব সরাসরি নাকচ করেছে।
এছাড়া পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান বা তাদের মিত্রদের ওপর হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেবে না। একই সঙ্গে জব্দকৃত অর্থ ধাপে ধাপে ছাড় দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে যুদ্ধবিরতি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এর আগে ওমানই দুই দেশের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিল।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের ওপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.