যুদ্ধ বন্ধে মার্কিন সেনা প্রত্যাহারসহ ১৪ শর্ত দিল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে ১৪ দফা শর্তসহ সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হলে আশপাশের দেশগুলোতে অবস্থানরত যুক্তরাষ্ট্র এর সেনা সদস্যদের প্রত্যাহার করতে হবে। পাশাপাশি লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ইরানের এই প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক ফল আসবে কি না তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ৯ দফার একটি প্রস্তাব দিয়েছিল, যার জবাবেই ইরান তাদের ১৪ দফা শর্ত তুলে ধরে।
ইরানের প্রস্তাবে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। এছাড়া ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের কথাও উল্লেখ রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র যেখানে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলছে, সেখানে ইরান মনে করছে ৩০ দিনের মধ্যেই মূল সমস্যাগুলোর সমাধান সম্ভব। দেশটি সাময়িক যুদ্ধবিরতির বদলে স্থায়ী সমাধানের ওপর জোর দিচ্ছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, “আমাদের প্রস্তাবের লক্ষ্য একটাই—যুদ্ধের স্থায়ী অবসান। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের, তারা কূটনৈতিক পথে এগোবে নাকি সংঘাত বাড়াবে।”
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের ওপরই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.